দেশের আকাশে হঠাৎ করে সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনুর মতো দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ১১টার পর থেকে এমন গোলাকার চিহ্ন দেখা যায়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
সারাদেশ থেকে ইমেইলে শত শত ছবি পাঠিয়েছেন ভক্তরা। ২০১৪ খ্রিষ্টাব্দে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় এমন ছবি আগেও পৃথিবীর কোথাও কোথাও দেখা গেছে।
হাবিবুর রহমান তার ওয়ালে লিখেছেন, ‘অবাক করা রংধনু। এই মাত্র তোলা (১২টা ১৭ মিনিটে তোলা)। সূর্যের মাঝখানে বৃত্তাকার। এমন রংধনু দেখেছেন কেউ?’
কেএম শাহাদাত হোসেন তার ওয়ালে লিখেছেন, ‘আজ পটুয়াখালীতে সূর্যের চারপাশে বৃত্তের মতো একটি রংধনু দেখা গিয়েছে।’
সুজয় চক্রবর্তী লিখেছেন, ‘সকাল থেকে সূর্যের চারপাশে বৃত্তাকারের মতো দেখা যাচ্ছে। এনিয়ে হাজারও কৌতুহল দেখা যায়। তাই ছবি তুলেছি।’
এ ব্যাপারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ওয়েবসাইট থেকে জানা যায়, এই বলয় ২২ ডিগ্রি হ্যালো (halo) নামে পরিচিত। বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ছোট ছোট বরফকণা রয়েছে। সূর্যের আলো স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয়। হ্যালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রি হলেই এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয়। বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে।
সূত্র: দৈনিক শিক্ষা।



