জনতার নিঃশ্বাস: দেশব্যাপী অব্যাহত সাংবাদিক নির্যাতন,হত্যা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)ডাকা আধাবেলা কলম বিরতির সাথে একাত্মতা প্রকাশ করেছে গাজীপুর সদর প্রেসক্লাব।
কলম বিরতিটি পালন করা হবে আগামীকাল মঙ্গলবার (২রা মার্চ) সকাল আট’টা থেকে দুপুর দুই’টা পর্যন্ত।
এসময় সকল সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহ,প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় গাজীপুর সদর প্রেসক্লাবের পক্ষ থেকে।
আজ সোমবার (পহেলা মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে বলেন,দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন,নিপীড়ন ও মিথ্যা মামলার পরিমাণ এতোই বেড়ে চলেছে যা গণমাধ্যমে কর্মরত সম্মানীত সাংবাদিকবৃন্দের সহ্যের সীমা অতিক্রম করেছে। মূলত বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিক নির্যাতন ও হত্যা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে। সন্ত্রাসীদের হাত যতো বড়ই হোক না কেন সাংবাদিকবৃন্দের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে বলেও জানান সংগঠনটির দায়িত্বশীলরা।
হত্যা, নির্যাতনের সুষ্ঠু বিচার, দেশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার জন্য সকল সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামীকালকের কলম বিরতি পালনের অনুরোধ জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।