নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের কঠোর হুশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাজীপুর সার্কেল) আব্দুল কাদের জিলানী।
গত বৃহস্পতিবার গাজীপুরে গণমাধ্যম কর্মী ও পরিবহণ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় এই হুশিয়ারি দিয়েছেন তিনি।
এর পর থেকেই মহাসড়কে চাঁদাবাজি কমে গেছে বলে মন্তব্য করেছেন অনেক পরিবহণ শ্রমিকরা।
নাম না প্রকাশ করার শর্তে এক চালক জানান, আগে বিভিন্ন অজুহাতেই চাঁদা দিতে হতো তাদের এজন্য বাড়তি ভাড়ার চাপ পড়তো জনগণের উপর, এখন আর তাদের সেই চাদা দিতে হচ্ছে না ফলে যাত্রীরা ন্যায্য ভাড়ায় চলাচল করতে পারছে।
শুধু চাঁদাবাজি নয় গাজীপুর রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাজীপুর সার্কেল) আব্দুল কাদের জিলানী দায়িত্ব নেবার পর থেকেই হাইওয়ে তে কমে গেছে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড এমনটিই দাবি করছেন পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা।
সারা বিশ্ব যখন করোনা মহামারিতে স্থবির এমন সময় গাজীপুরে সড়কে সার্বক্ষণিক টহল জোরদারসহ জনগণকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা সেবা দিচ্ছেন হাইওয়ে পুলিশ।
প্রাণঘাতি করোনা, হাইওয়ে চাঁদাবাজিসহ সমসাময়িক বিষয়ে সতর্ক করে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন গাজীপুরের হাইওয়ে পুলিশ।
এবিষয়ে নাওজোর হাইওয়ে অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে করোনা নিরাপত্তায় সচেতনামূলক লিফলেট হাইওয়ে চাঁদাবাজি বন্ধসহ নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
হাইওয়ে চাঁদাবাজি বন্ধ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাজীপুর সার্কেল) আব্দুল কাদের জিলানী বলেন, হাইওয়েতে চাঁদাবাজি করতে দেয়া হবে না,যত বড় ক্ষমতাধরই হোক না কেন কেউ চাঁদাবাজি করতে পারবে না। অভিযোগ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না।
এজন্য তিনি গণমাধ্যম কর্মী, পরিবহণ শ্রমিক নেতাসহ সকলের সহযোগীতা চান।