শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ ইং || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশু নিহত, আহত ৪

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক |

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা-বাবা ও দুই ভাই-বোন।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে বাবুরাইল বটতলা এলাকায় ইট-বালুর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগম তাদের তিন সন্তান হালিমা বেগম, মোহাম্মদ হোসেন ও সাত মাস বয়সী শিশু আহাম্মদকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। তিন সন্তান নিয়ে ফেরদৌসী ছিলেন এক কক্ষে ও তোফাজ্জল হোসেন ছিলেন পাশের কক্ষে। ভোর পৌনে ৫টার দিকে বিকট শব্দে বাড়ির সেপটিক ট্যাংকে বিস্ফোরণ হলে দেয়াল ধসে পড়ে। দেয়ালে চাপা পড়ে পাঁচজনই গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আহাম্মদকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সকালে সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানিয়েছেন, তোফাজ্জল হোসেনের পাশের বাড়ির সেপটিক ট্যাংকেও বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।