কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম।
নিহত ইয়াছিন মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের বাকাইল গ্রামের জামাল মিয়ার ছেলে। আহত দুই মোটরসাইকেল আরোহী হলেন— স্বপন মিয়া ও দূর্জয় মিয়া।
আহত স্বপন মিয়ার বরাত দিয়ে ওসি মাইনুল ইসলাম জানান, রাতে বাকাইল বাজার থেকে তারা তিনজন মোটরসাইকেলে করে নন্দনপুর বাজারে যাচ্ছিলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়া মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ।