রাজধানীর ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৩৫) নামে পাঠাওচালক নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী পথচারী আবুল কাশেম জানান, ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে একটি মোটরসাইকেলকে কাভার্ড ভ্যান ধাক্কায় দিলে চালক কামরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃত ব্যক্তির আইডি কার্ড থেকে নামপরিচয় জানা গেছে। তিনি গ্রামের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার মরকৌন গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল নাবিস্কো শহীদ মিনারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও লিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।