বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

মুজিব বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপক আয়োজন

প্রকাশিত হয়েছে-

স্টাফ রিপোর্টার 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে মুজিববর্ষব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুরে গাজীপুর ক্যাম্পাসের নিজ কার্যালয়ের কনফারেন্সরুমে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ওই কর্মসূচী ঘোষণা করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মশিউর রহমান, ডিন মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ বিন কাসেম, নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসাইন, জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ভিসি বলেন, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন সারা দেশে অধিভুক্ত ২২৬০টি কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের সহযোগে অভিন্ন ব্যানারে সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে অনুরূপ আনন্দ র‌্যালি হবে। ঢাকা মহানগরীর অধিভুক্ত সকল কলেজের শিক্ষক-শিক্ষার্থী নিয়ে আনন্দ র‌্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শেষ হবে।

এছাড়া এ উপলক্ষে দেশব্যাপী অধিভুক্ত কলেজ সমূহে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে ১৮-২৪ মার্চ, বিভাগীয় পযায়ে ২৯-৩১মার্চ এবং ৪এপ্রিলে ঢাকায় চ’ড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘মার্চ ১৯৭১: বাঙালি জাতি রাষ্ট্রের উত্থান’ শীর্ষক আলোচনা সভা ও ২টি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ মে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট-এর আয়োজনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক লোক বক্তৃতা/ সেমিনার আয়োজন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপনের কর্মসূচিও নেয়া হয়েছে।

আগামী জানুয়ারিতে মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন, ফেব্রুয়ারিতে মুজিববর্ষ সমাপনিতে শিক্ষক সমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে জাতির পিতার পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। মুজিববর্ষের থিম গান ঠিক করার পদক্ষেপ নেয়া হয়েছে।