মঙ্গলবার , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং || ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২২শে শাবান, ১৪৪৭ হিজরী

গফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগম

প্রকাশিত হয়েছে-

আরিফুল ইসলাম, ব্যুরো চীফ (ময়মনসিংহ):: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও মিনি স্টেডিয়াম সংলগ্ন আদর্শ বিদ্যানিকেতন মাঠে গণভোটে হ্যাঁ প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা শাখা।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা আমীর ইসমাঈল হোসেন সোহেল। তিনি তার বক্তব্যে বলেন, দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামি মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা চায়। গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে জনগণ সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। তারা বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা পাবে। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশ সফল করতে আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এতে গফরগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন রাজনৈতিক কর্মসূচির প্রেক্ষাপটে গফরগাঁওয়ে জামায়াতের এই সমাবেশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।