বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছাত্রের লাশ দাফন

প্রকাশিত হয়েছে-

ময়মনসিংহ প্রতিনিধি:

আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চার ছাত্রের লাশ দাফন করা হয়েছে। নিহত ছাত্রের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা হয়। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে সকালে বিদ্যালয় মাঠে চার ছাত্রের লাশ এনে রাখা হয়। নিহত হৃদয় এই বিদ্যালয়ের নবম শ্রেণিতে ও আশরাফুল ৮ম শ্রেণিতে পড়তো। আর মাহবুব দাখিল পরীক্ষা দিচ্ছিল, ইয়াসিন পড়তো কওমি মাদ্রাসায়।

হৃদয়, মাহবুব, ইয়াসিন আর আশরাফুল এলাকার ভাই, বন্ধুদের সঙ্গে শনিবার পিকনিকে যায় নেত্রকোণার দুর্গাপুরে।

পিকনিক শেষে রাত ৮টার দিকে দুটি পিকআপে করে তারা ৩২ জন গৌরীপুর ফিরছিল। পিকনিক স্পট থেকে কিছু দূর আসার পর দূর্গাপুরের ভাঙ্গাপুল এলাকায় বালুবাহী ট্রাক পিছন থেকে একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে একজনের মৃত্যু হয়।
সন্তান হারিয়ে শোকাহত তাদের বাবা-মা। একমাত্র ছেলে হৃদয়ের মৃত্যুতে দিশেহারা বাবা রমজান আলী। তাদের শেষ বারের মতো দেখতে গ্রামের মানুষ বিদ্যালয় মাঠে ভিড় করেন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, কারা ছাত্রদের এভাবে ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।