রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ ইং || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে মানা করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে-

জ্যেষ্ঠ প্রতিবেদক |

করোনাভাইরাসের সংকটের কারণে পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে তার গ্রামের বাড়ি মেহেরপুরে যেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। এ উপলক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে যেতে চাইলে করোনার প্রাদুর্ভাবের কারণে ঢাকার বাইরে যেতে দেননি প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, সবসময় আমরা উদযাপন করি। এবার তো আমরা সেভাবে জনসমাগম করতে পারবো না। যেটুকু সীমিত আকারে ঘরে বসে করা যায়, সেটুকু করবেন, জনসমাগম যেন না হয়।’

তিনি বলেন, আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু যাবার জন্য তৈরি হয়েছিল। আমি বলেছি যে, জেলায় (মেহেরপুর) ঢুকতে পারবা না। করোনা ভাইরাসের কারণে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাক আমি তা চাই না। আমি তাকে যেতে দেই নাই।’

এ সময় ঢাকার বাইরে থেকে কেউ যেন ঢাকায় প্রবেশ করতে না পারে এবং বের হতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।